খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রেলস্টেশনের সামনে থেকে ইমন (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমন আড়ংঘাটা থানার বাসিন্দা সোবহান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হালিমুর ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।