
গভীর সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের পরিবারের খোঁজখবর নিয়েছেন গলাচিপা উপজেলা প্রশাসন ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর এমপি মহোদয়ের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে যান গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর গলাচিপা-দশমিনা প্রতিনিধি আবু নাঈম, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রাসেল প্যাদা, আবুল হোসেন, ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান হারুন, সাধারণ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক ইলিয়াসসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধিদলটি নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর এমপি মহোদয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় নেতৃবৃন্দ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।