
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু হিরন চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক বাবু পরিমল কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাবু অশোক কুমার দাস ও সদস্যসচিব বাবু সুকান্ত চন্দ্র দাস।
সভায় বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় গলাচিপা উপজেলা কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন আশীষ কুমার সাহা, পরেশ দাস, পঙ্কজ দেবনাথ ও গোপাল সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিকে ধারণ করে অসাম্প্রদায়িক, সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।