
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় এলাকার সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক, এমপি-এর প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন জনাব আবু নাঈম।
আজ ২২ জুন ২০২৬ তারিখে প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত একটি আধা সরকারি পত্রের (ডিও লেটার) মাধ্যমে এই মনোনয়ন প্রদান করা হয়। মনোনীত আবু নাঈম গলাচিপার চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের বাসিন্দা।
আধা সরকারি সূত্রে জানা গেছে, এখন থেকে তিনি সংশ্লিষ্ট এলাকায় প্রতিমন্ত্রীর পক্ষে জনসাধারণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করবেন এবং স্থানীয় বিভিন্ন আবেদন ও অভিযোগ গ্রহণ করবেন। তবে এই মনোনয়নটি কোনো প্রশাসনিক বা সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বহন করবে না বলে প্রতিমন্ত্রীর দফতর থেকে ইস্যুকৃত পত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আজ সোমবার থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর থেকে গলাচিপা উপজেলায় তাঁর একান্ত প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মুহিবুল্লাহ এনিম।
হঠাৎ করে মুহিবুল্লাহ এনিমকে এই দায়িত্ব থেকে কেন অব্যাহতি দেওয়া হলো কিংবা নতুন প্রতিনিধি নিয়োগের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে দলীয় বা আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো জানা যায়নি।
এদিকে আবু নাঈম প্রতিমন্ত্রীর প্রতিনিধি মনোনীত হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয় রাজনীতিতে এই রদবদল নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা, এখন সেটাই দেখার বিষয়।