বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় বাদী হয়ে মামলা করেন ব্যবসায়ী মো. নুরুজ্জামান জামান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিসিক শিল্পাঞ্চলে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন বাদী নুরুজ্জামান জামান। গত ২৭ জুন তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন নাজমুল হোসেন মন্ডল, কামাল হোসেন বুলু ও মো. খালেক। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২৮ জুন অভিযুক্তদের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এলাকায় অস্ত্রসহ মহড়া দেয়া হয়। এ সময় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ করে ঝুট বিক্রি না করার জন্য ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসা দখলের চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। শিল্পাঞ্চলের প্রধান সড়কে বিপুলসংখ্যক মোটরসাইকেলের বহর নিয়ে চলাচল এবং অস্ত্র প্রদর্শনে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম দফায় তিনজনকে গ্রেফতারের পর পরবর্তী বুধবার দিবাগত রাতে অভিযানে আরও আটজনকে আটক করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনার ভিডিও ফুটেজ, সিসিটিভি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কারা মহড়ায় অংশ নিয়েছিল এবং কার কী ভূমিকা ছিল, তা যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।