নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আতিকুরের বাড়ি আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, গত মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যান ভুক্তভোগী শিশু। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন স্বাস্থ্যকর্মী আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তাৎক্ষণিক শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আতিকুর।
সি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পরের দিন বুধবার (১ জুলাই) আতিকুরকে আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা করা হয়। এরপর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পাশ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।