ফরিদপুর সদর উপজেলায় বজ্রাঘাতে সাব্বির মোল্লা (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের কাশেম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে সাব্বির তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের নিচে বসে ছিলেন। হঠাৎ গাছের ওপর বজ্রাঘাত হলে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই বন্ধু চিকিৎসাধীন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আজ দুপুরে বজ্রাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু নথিভুক্ত করা হয়েছে।