বান্দরবানের লামা উপজেলায় এক নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ, স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে একটি অবকাশকেন্দ্রের ব্যবস্থাপকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) ও তার সহযোগী মো. হৃদয় (২৮)।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণালংকার ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিনজন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। পথে একজন নারী পর্যটক অসুস্থ হয়ে পড়লে তারা নদীর তীরে একটি অবকাশকেন্দ্রে বিশ্রামের জন্য ওঠেন। একপর্যায়ে কক্ষে প্রবেশের পর অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক রাশেদ ও তার সহযোগী বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। পরে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করে দুই নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ এবং তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। একই সঙ্গে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীদের একজন বাদী হয়ে মোহাম্মদ রাশেদ, মো. হৃদয়সহ তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।