চারদিকে বিশ্বকাপের দামামা। দারুণ ফুটবল খেলছে ফ্রান্স জাতীয় দলও। তবে এরই মাঝে ফরাসি ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী ফুটবলার কেনজো কিয়েস। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব গুঁইগাম্পের এই তরুণ খেলোয়াড়কে গুরুতর অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।
ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিন বন্ধুকে নিয়ে রাইন নদীতে নামেন কেনজো কিস। ফ্রান্সজুড়ে চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।
নদীতে নামার পর চারজনই স্রোতের মধ্যে বিপদে পড়েন। জরুরি সেবাকর্মীরা তিনজনকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও কিসকে খুঁজে পেতে সময় লাগে। পরে দমকলকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।