আর্জেন্টিনা জাতীয় দল ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে টানা তিনটি জয় নিয়ে এবং গ্রুপ জে-তে শীর্ষে থেকে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। তবে জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে একটি বিষয় ভক্তদের নজর কাড়ে। থিয়াগো মেসি অর্থাৎ লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বড় ছেলে, মাঠে বা গ্যালারিতে দেখা যায়নি।
ডালাস স্টেডিয়ামের ভিআইপি বক্স থেকে আন্তোনেলা রোকুজ্জো ম্যাচ উপভোগ করেন এবং দলের সাফল্য, মেসির গোল উদযাপন করেন। ছবিতে দেখা যায়, শুধু ছোট দুই ছেলে মাতেও ও সিরো মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন। থিয়াগো ছিলেন অনুপস্থিত। এতে সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়।পরে বিষয়টির ব্যাখ্যা দেন আন্তোনেলা নিজেই। তিনি জানান, বড় ছেলে একটি বিশেষ প্রয়োজনে ব্যস্ত ছিলেন এবং সেটি ছিল তার নিজের ফুটবল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। যেখানে সাফল্যে উদ্ভাসিত হয়েছেন থিয়াগো।
থিয়াগো মেসি ও ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দল পুন্তা কানা এমআইসি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা গোট-এফসিকে ৩-০ ব্যবধানে হারায়। এই কারণে থিয়াগো লিওনেল মেসির বিশ্বকাপের ম্যাচে উপস্থিত থাকতে পারেননি। মা আন্তোনেলা ইনস্টাগ্রাম স্টোরিতে ছেলের এই অর্জন শেয়ার করে গর্ব প্রকাশ করেন এবং গুঞ্জনের অবসান ঘটান।
জর্ডানের বিপক্ষে ম্যাচে মেসি তার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক স্পর্শ করেন। ফ্রি কিক থেকে দারুণ গোল করে ক্যারিয়ারের ৯১৬তম গোল এবং বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোল তুলে নেন। টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হন এবং বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ড আরও বাড়ান।
আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২ এ উঠেছে। যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ কেপ ভার্দে। ম্যাচটি আগামী শুক্রবার দিবাগত রাত ৪টায় মায়ামি স্টেয়িামে অনুষ্ঠিত হবে।