
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের আসন্ন বাংলাদেশ সফরের মধ্য দিয়ে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন বিশেষ দূতের আসন্ন সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই অত্যন্ত চমৎকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এই সম্পর্ক আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের যেকোনো উচ্চপর্যায়ের সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। সার্জিও গরের এই সফরের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গর আগামী ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসবেন। সফরকালে তিনি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সফর বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর করবে এবং উভয় দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।