
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার নওহাটা কলেজ মোড়ে অবস্থিত একটি ভবনের চতুর্থ তলায় থাকা ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত দুই কর্মচারীর নাম সাকিব ও তামিম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওহাটা পৌরসভার বড়ইকুঁড়ি এলাকার রাশেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ে ম্যাংগো লাভার-এর কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।
হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়। পরে তাদের লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ম্যাংগো লাভার-এর মালিক মুরাদ দাবি করেছেন, এই হামলায় তার প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাজশাহী এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’