
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।
বোর্ড সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের ছয় জেলার ১৪২টি কেন্দ্রে একযোগে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৫৪ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫২ হাজার ৯৩৯ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী।
পরীক্ষা চলাকালে নকলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে বরিশাল জেলায় তিনজন, ঝালকাঠিতে একজন এবং পটুয়াখালী জেলায় ছয়জন পরীক্ষার্থী রয়েছে।
তবে কোনো কেন্দ্র সচিব, পরিদর্শক বা শিক্ষককে দায়িত্বে অবহেলা কিংবা অনিয়মের অভিযোগে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। অধিকাংশ কেন্দ্রে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।