
দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম-সংক্রান্ত জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হামের রোগীর মৃত্যু না হলেও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দুজন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জন এবং সন্দেহজনক হাম রোগে ৭৮২ জন প্রাণ হারিয়েছেন।
একই সময়ে নতুন করে ১০৭ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আরও ৮৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জনের দেহে।
পরিসংখ্যান অনুযায়ী, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৬২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ২ জন করে মারা গেছেন।
অন্যদিকে, সন্দেহজনক হামের উপসর্গেও সর্বোচ্চ ৩৪২ জনের প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগে ১২৫, রাজশাহী বিভাগে ৯১, ময়মনসিংহ বিভাগে ৭২, চট্টগ্রাম বিভাগে ৬১, বরিশাল বিভাগে ৪৬, খুলনা বিভাগে ৩২ এবং রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।