
শিক্ষকদের কেউ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের চাকরি ছেড়ে নির্বাচনে অংশ নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্টের’ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এমনটা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন থাকা প্রয়োজন। কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিয়ে করতে হবে।
তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও মানোন্নয়নে আমরা পর্যাপ্ত বিনিয়োগ করছি। এই অর্থ যেন সঠিকভাবে কাজে লাগানো হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ইউনিসেফ, ইউনেস্কো ও এডিবি যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও শিক্ষা সচিব আবদুল খালেক। এছাড়াও অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশন, ইউনিসেফ, ইউনেস্কো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল পার্টনারশিপ ফর বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন।